কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র আগমন, মহান জীবনাদর্শ ও মানবতার শিক্ষা স্মরণে বিদ্যালয় কর্তৃপক্ষ এ বিশেষ কর্মসূচির আয়োজন করে।
বুধবার (২৬ আগস্ট) ১২ রবিউল আউয়াল উপলক্ষে বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কটিয়াদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউল আলম মাহফুজ।
অনুষ্ঠানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবপ্রেম, সাম্য, ন্যায়বিচার ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের সুন্দর চরিত্র গঠন এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।
আলোচনা শেষে মহানবী (সা.)-এর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে মিলাদ পাঠ, দরুদ শরিফ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
পরে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের মাঝে তাবাররুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।