ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে মো. দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম।

দেলাওয়ার হোসেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।

সমাবেশে মাওলানা আবদুল হালিম বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম প্রধান মাধ্যম নির্বাচন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে জনগণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী বিজয়ী হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি নির্বাচনী দায়িত্ব পালনে দলের নেতাকর্মীদের সাহস, ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লংমার্চ সফল করার আহ্বান জানান।

সমাবেশে জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলমগীর।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। আসন্ন উপনির্বাচনের তফসিল শিগগিরই ঘোষণা করবে নির্বাচন কমিশন।