নিকলী, ৪ সেপ্টেম্বর: ঢাকার উত্তরখান ময়নারটেক মসজিদের ইমাম আবদুল আখের মস্তিষ্কজনিত জটিলতায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর পরিবারের আর্থিক অনটনের বিষয়টি জানতে পেরে অস্ট্রিয়ার ভিয়েনা থেকে পরিবারের পাশে দাঁড়িয়েছেন মাওলানা আবদুস সাত্তার।

স্থানীয় জামায়াত নেতৃবৃন্দের মাধ্যমে পরিবারের খোঁজখবর নেওয়ার পর তিনি অসহায় পরিবারটির জন্য আর্থিক সহযোগিতার ব্যবস্থা করেন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জের নিকলী উপজেলার গুরই ইউনিয়নের দৌলতপুর গ্রামে মরহুম আবদুল আখেরের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীর হাতে নগদ অর্থ তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী।

এ সময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা আমীর আবুল হোসেন, সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, ইউনিয়ন সভাপতি মাওলানা ফরিদউদ্দিন ও মাওলানা নুর মোহাম্মদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জানা যায়, মরহুম আবদুল আখেরের পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী, এক ছেলে ও বৃদ্ধ মা। পরিবারের ভরণপোষণের জন্য বর্তমানে উপার্জনক্ষম কেউ নেই। তাঁর ছেলে স্থানীয় একটি মাদ্রাসায় নবম শ্রেণিতে পড়াশোনা করছে।

এ অবস্থায় অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতা করায় পরিবারের সদস্যরা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।