ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৬:
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির সঙ্গে নেত্রকোণার কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও অভিভাবকসহ ৪৯ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও তাদের খোঁজখবর নেন। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি মেধা, যোগ্যতা ও সততার মাধ্যমে দেশ ও সমাজের জন্য গৌরব বয়ে আনার আহ্বান জানান।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের মানুষ গড়ার কারিগর হিসেবে তাদের প্রতি স্নেহ-মমতা ও যত্নশীল হতে হবে। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

জাতীয় সংসদ ভবন পরিদর্শনে শিক্ষার্থীদের নিয়ে আসায় বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের নাগরিক সচেতনতা ও সংসদীয় কার্যক্রম সম্পর্কে জ্ঞান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সফরকালে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। পরে তারা জাতীয় সংসদের অধিবেশন কার্যক্রম অবলোকন করেন এবং সাউথ প্লাজা, নর্থ প্লাজা, সংসদ লাইব্রেরিসহ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন।

এ সময় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ দেখা যায়। জাতীয় সংসদ ভবন পরিদর্শনের মাধ্যমে তারা সংসদীয় গণতন্ত্র, আইন প্রণয়ন প্রক্রিয়া ও জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়। সফরটি শিক্ষার্থীদের জন্য একটি আনন্দঘন ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।