কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি / মোঃ আল আমিন

কিশোরগঞ্জে মোবাইল ও অনলাইনভিত্তিক জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

রোববার বিকেল ৪টায় কিশোরগঞ্জ মডেল থানার প্রাঙ্গণে আয়োজিত সাংবাদিক ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তুলে ধরেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে কিশোরগঞ্জ মডেল থানার সহযোগিতায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে গোয়েন্দা সংস্থার সদস্যরাও অংশ নেন। শহরের বিভিন্ন এলাকায় মোবাইল ফোন ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে জুয়া পরিচালনা ও এতে অংশগ্রহণের অভিযোগে বিভিন্ন পর্যায়ে মোট ২১ জনকে আটক করা হয়।

সাংবাদিকদের ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, অনলাইন জুয়া ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে তরুণ সমাজকে এ ধরনের কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং প্রযুক্তিনির্ভর অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিষয়ে তথ্য সংগ্রহ এবং নজরদারি অব্যাহত রয়েছে। প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, অনলাইন জুয়া ও প্রযুক্তিনির্ভর অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত ও জোরদার করা হবে।

আটক ২১ জনের প্রাথমিক যাচাই-বাছাই শেষে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।