নারায়ণগঞ্জ প্রতিনিধি/নাজমুল খন্দকার আবির
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫৫ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ ও ৫৫ টাকার বেশি ভাড়া না নেওয়ার দাবিতে বিরোধের জেরে উৎসব ও বন্ধন পরিবহনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে এ দুই পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। এর আগে দুপুরে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা বিভিন্ন বাস কাউন্টারে গিয়ে ৫৫ টাকার বেশি ভাড়া না নেওয়ার আহ্বান জানান। এ সময় চাষাঢ়া ও কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় উৎসব ও বন্ধন পরিবহনের কাউন্টারে থাকা ব্যক্তিদের সঙ্গে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। এর পরপরই বিকেল ৪টা থেকে দুই পরিবহনের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ বলেন, সরকারের বর্তমান নির্ধারিত বর্ধিত ভাড়া অনুযায়ী ঢাকা-নারায়ণগঞ্জ রুটে কোনোভাবেই ৫৫ টাকার বেশি ভাড়া নেওয়ার সুযোগ নেই। সরকারি প্রজ্ঞাপন ছাড়া ভাড়া বাড়িয়ে আদায় করা মেনে নেওয়া হবে না। বিষয়টি নিয়ে আরটিসির চেয়ারম্যান ও জেলা প্রশাসকের দ্রুত পদক্ষেপ দাবি করেন তারা। তাদের অভিযোগ, কোনো ধরনের সরকারি প্রজ্ঞাপন ছাড়াই সাধারণ যাত্রীদের বাসভাড়া ৫৫ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের হাফ ভাড়াও বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে, যা তারা অগ্রহণযোগ্য বলে দাবি করেন। নেতৃবৃন্দ শিক্ষার্থীদের জন্য সপ্তাহের সাত দিন শর্তহীন হাফ পাস চালুর দাবি জানান।
তাদের দাবি, ৫৫ টাকা ভাড়ার অর্ধেক হিসেবে শিক্ষার্থীদের কাছ থেকে ২৮ টাকা অথবা সর্বোচ্চ ৩০ টাকা নেওয়া উচিত। জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে কারণ দেখিয়ে মালিকপক্ষের এ ভাড়া বৃদ্ধি গ্রহণ করা হবে না বলেও জানান ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা।