নাজমুল খন্দকার আবির/নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় সোনাচরা এলাকার ঢাকেশ্বরী বাজারে প্রকাশ্যে দিবালোকে একটি স্বর্ণের দোকানে সংঘটিত ডাকাতির চাঞ্চল্যকর ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার নিকট থেকে একটি ১৮ ইঞ্চি লম্বা ডাকাতি কাজে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়।
গতকাল ২৫ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১২:৪০ মিনিটের বন্দর থানাধীন সোনাচরা এলাকার ঢাকেশ্বরী বাজারে একটি স্বর্ণের দোকানে ১০/১২ জনের সশস্ত্র ডাকাত দল ডাকাতি করে। পরবর্তীতে দোকানের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি নজরে আসা মাত্রই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় বন্দর থানা পুলিশ ও গোয়েন্দা টিমের সমন্বয়ে একাধিক চৌকস টিম যৌথভাবে ছায়া তদন্ত ও অভিযান শুরু করে।
তদন্তের ধারাবাহিকতায় ২৬ সেপ্টেম্বর শনিবার বন্দর থানাধীন মালামত সাকিনস্থ মামুন ডাকাতের বাড়ির সামনে থেকে মো. মিজান (২৬) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিজান বন্দর থানার সোনাচরা এলাকার ফজলুল হকের ছেলে। এ সময় তার হেফাজত থেকে ডাকাতি ও ত্রাস সৃষ্টির কাজে ব্যবহৃত ১৮ ইঞ্চি দীর্ঘ একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত বাকী ডাকাতদের শনাক্তকরণ, তাদের দ্রুত গ্রেপ্তার এবং স্বর্ণের দোকান থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধারের লক্ষ্যে বন্দর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ এবং অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে কঠোর ভাবে আইনানুগ কার্যক্রম চলমান থাকবে।