কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: মোঃ আল আমিন
ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার বংশবিস্তার রোধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দেশব্যাপী জনসচেতনতা সপ্তাহ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জে জনসচেতনতামূলক প্রচারণার উদ্বোধন করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের রথখোলা থেকে বড় বাজার পর্যন্ত এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক মোঃ রমজান আলী।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কিশোরগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ আজিজুল হক, পৌর শহর আমির আ ম ম আব্দুল হক, পৌর নায়েবে আমির বদরুজ্জামান রুবেলসহ জেলা ও শহর পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধ, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ৪ থেকে ১০ অক্টোবর ২০২৬ পর্যন্ত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালন করা হচ্ছে। এ কর্মসূচির মূল লক্ষ্য হলো ডেঙ্গুর ভয়াবহতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সবাইকে উদ্বুদ্ধ করা।