শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে সরকারি সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সচেতন নাগরিক কমিটি (সনাক), নালিতাবাড়ীর উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা ভূমি অফিস ও উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের অংশগ্রহণে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক সভাপতি মো. আব্দুল ফাত্তাহ। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক। গণশুনানিতে ভূমিসেবা, স্বাস্থ্যসেবা ও কৃষিসংক্রান্ত বিভিন্ন সমস্যা, অনিয়ম ও অভিযোগ তুলে ধরেন সেবাগ্রহীতারা। এ সময় ইউএনও অনলাইনে ভূমিসেবা গ্রহণের আহ্বান জানান এবং ইউনিয়ন ভূমি অফিসে সেবার মান বাড়ানো ও দুর্নীতি কমাতে সিসি ক্যামেরা স্থাপনের প্রতিশ্রুতি দেন।
এ ছাড়া খাসজমি বন্দোবস্ত, জমির পর্চা সংগ্রহ, হাসপাতালে রোগীর চাপ, কৃষকদের সারসংকট এবং সরকারি বীজ বিতরণ নিয়ে আলোচনা হয়। উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে প্রায় ২৫টি বিষয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাসহ সনাক, ইয়েস ও এসিজি সদস্য, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ১৬০ জন মানুষ উপস্থিত ছিলেন