শেরপুর জেলা প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে ওয়াজ মাহফিলের প্রচারপত্রে নিজের নাম না থাকাকে কেন্দ্র করে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমানকে থাপ্পড় মারার কথা স্বীকার করেছেন মোকছেদুল মোমেনিন (৪০) নামে এক ইউপি সদস্য। তিনি উপজেলার যোগানিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। অন্যদিকে ভুক্তভোগী সাইদুর রহমান গেরামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক।
গত বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার যোগানিয়া ইউনিয়নের গেরামারা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ৭ নভেম্বর এলাকায় একটি ওয়াজ মাহফিল আয়োজনের প্রস্তুতি চলছে। এ উপলক্ষে প্রচারের জন্য আয়োজকদের পক্ষ থেকে হ্যান্ডবিল বা লিফলেট ছাপানো হয়। তবে ওই প্রচারপত্রে ইউপি সদস্য মোকছেদুল মোমেনিনের নাম না থাকায় তিনি ক্ষুব্ধ হন। পরে বুধবার সন্ধ্যায় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমানকে ফোন করে ডেকে নেন তিনি।
সাইদুর রহমান সেখানে গেলে ওয়াজ মাহফিলের প্রচারপত্রে নিজের নাম না থাকার কারণ জানতে চান ইউপি সদস্য। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মোকছেদুল মোমেনিন সাইদুর রহমানকে থাপ্পড় মারেন বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় গেরামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজাহারুল হক ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্ত ইউপি সদস্যের শাস্তি দাবি করেছেন।
ভুক্তভোগী সাইদুর রহমান বলেন, ইউপি সদস্য আমাকে ফোন দিয়ে ডেকে আনেন। পরে আমি গেলে ওয়াজের লিফলেটে তাঁর নাম না থাকার বিষয়ে জানতে চান। একপর্যায়ে তিনি আমাকে থাপ্পড় মারেন। তবে সম্মানের কথা বিবেচনা করে বিষয়টি আমরা পারিবারিকভাবে বসে মীমাংসা করব।
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য মোকছেদুল মোমেনিন বলেন, আমি জনগণের প্রতিনিধি। আমার বাড়ির পেছনেই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। কিন্তু সেখানে আমার নাম না থাকায় রাগের মাথায় সাইদুরকে একটা থাপ্পড় মেরেছি। তবে কাজটা আমি ঠিক করিনি।
এ বিষয়ে নালিতাবাড়ী থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।