কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা, অ্যালকোহল ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ মোঃ সোহেল মিয়া (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সবুজপাড়া এলাকায় রৌমারী থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সোহেল মিয়ার নিজ বাড়ি থেকে সামান্য পরিমাণ অ্যালকোহল, এক পুরিয়া গাঁজা এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় তাঁকে আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহাবুবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে অতিরিক্ত ৩ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদকের কুফল সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে অভিভাবকসহ সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে এবং মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।