কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:মোঃ আল আমিন
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির ৩২তম বার্ষিক সাধারণ সভা-২০২৬ কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টায় কিশোরগঞ্জ শহরের ডক্টরস মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম বলেন, ইটভাটা মালিকদের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা করা হবে। বিশেষ করে প্রতিটি ইটভাটা যাতে সহজে পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় লাইসেন্স পেতে পারে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ খালেকুজ্জামান। স্বাগত বক্তব্যে তিনি বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নে ইটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইট ছাড়া ভবন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা কঠিন। দেশের মানুষের উন্নয়নে ইটভাটা মালিকরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তাই ইটভাটা মালিকদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল। তিনি তাঁর বক্তব্যে বলেন, শ্রমিকদের ঘাম ও শ্রমের বিনিময়ে প্রতিটি ইটভাটায় ইট উৎপাদন করা হয়। এ খাতের সঙ্গে বিপুলসংখ্যক শ্রমিকের কর্মসংস্থান জড়িত। পাশাপাশি সরকারি নিয়ম মেনে ইটভাটা পরিচালনা এবং সরকারকে ভ্যাট ও ট্যাক্স প্রদান করা হয়। তাই এ শিল্পের সঙ্গে জড়িত মালিক ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন ইটভাটা মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুহন মিয়া,ও বিএনপির কিশোরগঞ্জ জেলার সহ সভাপতি জাহাঙ্গীর মোল্লা, সদর উপজেলা বিএনপির সফল সাধারণ সম্পাদক মোঃ ইসরাইল মিয়া,ইসহাক মিয়া, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মো. মাসুদ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, মোস্তফা কামাল, টিটু, মো. আজিজ, আমিন সাদী, মো. কাঞ্চনসহ জেলার বিভিন্ন ইটভাটার মালিক ও সমিতির সদস্যবৃন্দ।
সভায় ইটভাটা শিল্পের বর্তমান সমস্যা, পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স, সরকারি নিয়মনীতি অনুসরণ এবং এ শিল্পের উন্নয়ন ও মালিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।