শেরপুর জেলা প্রতিনিধি:
ভালোবাসা শুধু মুখের কথা নয়, প্রয়োজনে নিজের জীবনের গুরুত্বপূর্ণ অংশ উৎসর্গ করেও তার প্রমাণ দেওয়া যায়। তেমনই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার এক গৃহবধূ। স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করেছেন তিনি। স্ত্রীর এই অসামান্য ত্যাগে নতুন জীবন ফিরে পেয়েছেন সাজু মিয়া (২৬)।
সাজু মিয়া উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সমূশ্চুড়া গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন। একপর্যায়ে তাঁর দুটি কিডনিই বিকল হয়ে যায়। জীবন বাঁচাতে নিয়মিত ডায়ালাইসিসের ওপর নির্ভর করতে হচ্ছিল তাঁকে। এ পর্যন্ত প্রায় ৭৬ বার ডায়ালাইসিস করাতে হয়েছে সাজুকে।
দীর্ঘদিনের এই কঠিন সময়ে স্বামীর পাশে ছায়ার মতো দাঁড়ান তাঁর স্ত্রী। স্বামীকে বাঁচাতে নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নেন তিনি। পরে প্রয়োজনীয় চিকিৎসা ও প্রস্তুতি শেষে গত ৩০ অক্টোবর ঢাকায় সাজু মিয়ার কিডনি প্রতিস্থাপন (ট্রান্সপ্লান্ট) সম্পন্ন হয়। এতে দাতা হিসেবে নিজের একটি কিডনি স্বামীকে দান করেন তাঁর স্ত্রী।
পরিবারের জন্য স্বস্তির খবর হলো, বর্তমানে সাজু মিয়া ও তাঁর স্ত্রী দুজনই সুস্থ রয়েছেন। দীর্ঘদিনের অসুস্থতা, একের পর এক ডায়ালাইসিস এবং জীবনের অনিশ্চয়তা পেরিয়ে সাজু এখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন।
একটি কিডনি দিয়ে স্বামীকে নতুন জীবন উপহার দেওয়া এই স্ত্রীর ভালোবাসা ও আত্মত্যাগ স্থানীয়দের কাছেও এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। তাঁদের এই কঠিন সময়ের অবসান ঘটিয়ে নতুন জীবনের পথে এগিয়ে যাওয়ার গল্প যেন ভালোবাসা, বিশ্বাস ও আত্মত্যাগের এক অনন্য উদাহরণ।