কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গত শুক্রবার (২৭ নভেম্বর) থেকে মোতায়েন করা বিজিবি সদস্যরা উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সংবেদনশীল এলাকায় টহল এবং তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন। পাশাপাশি ড্রোনের মাধ্যমেও নজরদারি করা হচ্ছে।

শনিবার (২৮ নভেম্বর) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বেসামরিক প্রশাসন ও কক্সবাজার জেলা পুলিশকে সহায়তা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলার লক্ষ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজিবি অধিনায়ক বলেন, উখিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড ও রাজনৈতিক অস্থিতিশীলতা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তিনি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।