শহীদ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী ও ‘নিপীড়নবিরোধী দিবস’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও চিত্রপ্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘ক্ষতচিহ্নের ক্যানভাস : নির্যাতনের ক্যাম্পাস’ শিরোনামে চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া নিপীড়ন, নির্যাতন ও সহিংসতার ঘটনাগুলো চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়।

পরে বিকেল ৩টায় একই আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসুর এজিএস মহিউদ্দিন খান।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম, ডাকসুর ভিপি মো. আবু সাদিক কায়েম এবং জিএস এস. এম. ফরহাদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সাজ্জাদদ হোসাইন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি কাজী আশিক।
এ সময় ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।