প্রতিবেদন:
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ এলাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, পাগলা মসজিদ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে নিলাম কার্যক্রম ও আশপাশের কুরআন শরীফ বৃত্তির দোকানগুলোতে সিন্ডিকেট ও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিক সন্ত্রাসীদের হামলার শিকার হন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সাংবাদিক সমাজের পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত দুই সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং হামলার ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতারা। তারা বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। দ্রুত সব হামলাকারীকে আইনের আওতায় আনার দাবি জানান তারা।