কিশোরগঞ্জ প্রতিনিধি: মোস্তাফিজুর রহমান
কিশোরগঞ্জ সদর উপজেলার ১০নং কর্শাকড়াইল ইউনিয়নের বাদে কর্শাকড়াইল গ্রামের শিক্ষার্থী আবু সুফিয়ান হত্যার বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১১টায় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় শিক্ষার্থী ও কিশোরগঞ্জবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা পল্লবী সরকারি কলেজের এইচএসসি ২০২৫ ব্যাচের শিক্ষার্থী আবু সুফিয়ানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কিন্তু ঘটনার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো হত্যাকারীদের আইনের আওতায় আনা হয়নি। এতে নিহতের পরিবারসহ এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
বক্তারা আরও বলেন, দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে বিচারহীনতার সংস্কৃতি আরও বিস্তৃত হবে। তারা অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।