নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি
শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত প্রার্থী প্রত্যাশী আব্দুল্লাহ বাদশা।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে নির্ধারিত সময়ের মাত্র ৮ মিনিট দেরি করায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তাঁর মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।
নির্বাচনী তফসিল অনুযায়ী, বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারিত ছিল। জানা যায়, আব্দুল্লাহ বাদশা বিকেল ৫টা ৮ মিনিটে ইউএনওর কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁর মনোনয়নপত্র গ্রহণের অনুরোধ জানান। তবে নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ায় ইউএনও আইনগত বাধ্যবাধকতার কথা উল্লেখ করে মনোনয়নপত্র গ্রহণে অপারগতা প্রকাশ করেন।
এ সময় আব্দুল্লাহ বাদশা দেরির কারণ ব্যাখ্যা করে বারবার অনুরোধ জানান এবং ইউএনওর কক্ষেই আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন,আমি ৫টার মধ্যেই পৌঁছানোর চেষ্টা করছিলাম। রাস্তায় গাড়ির সমস্যার কারণে দেরি হয়ে যায়। বিষয়টি জানিয়ে আমি একাধিকবার ফোনও দিয়েছি। আমাকে একটু দয়া করলে হয় না ।
ঘটনার বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরীন বলেন, প্রার্থীর চোখের পানি আমি বুঝতে পারছি। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে আইন অনুযায়ী আমার নির্দিষ্ট দায়িত্ব ও সীমাবদ্ধতা রয়েছে। বিকেল ৫টার পর কোনোভাবেই মনোনয়নপত্র গ্রহণের সুযোগ নেই।