মুরাদনগর উপজেলা প্রতিনিধি: অনিক চৌধুরী
কুমিল্লার মুরাদনগরে হাদি হত্যার দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিপ্লবী ছাত্র-জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ ১১/০১/২৫ তারিখ বিকেলে মুরাদনগরের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ছাত্র ও সাধারণ মানুষ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান সড়কে এসে ব্লকেড সৃষ্টি করে। এতে কিছু সময়ের জন্য মুরাদনগরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা “হাদি হত্যার বিচার চাই”, “খুনিদের অবিলম্বে গ্রেপ্তার কর”, “ন্যায়বিচার নিশ্চিত কর”—এমন নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে। আন্দোলনকারীরা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও এখনো প্রকৃত দোষীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
সমাবেশে বক্তারা বলেন, হাদি হত্যাকাণ্ড একটি নির্মম ও ন্যাক্কারজনক ঘটনা। দ্রুত বিচার নিশ্চিত না হলে ছাত্র-জনতাকে আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হতে হবে। তারা অবিলম্বে তদন্ত শেষ করে দোষীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। আন্দোলনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
শেষে আন্দোলনকারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।