কিশোরগঞ্জ সদর প্রতিনিধি: মোস্তাফিজুর রহমান
তারিখ: ১০ অক্টোবর ২০২৫
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে প্রথমবারের মতো মহিলা মুসল্লিদের জন্য পৃথকভাবে জুমার জামাতের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এই বিশেষ জামাতের উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব ফৌজিয়া খান।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন,

“ধর্মীয় কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা সময়ের দাবি। পাগলা মসজিদে পৃথক মহিলা জামাতের ব্যবস্থা দেশের জন্য একটি ইতিবাচক ও উদাহরণযোগ্য পদক্ষেপ।”
পাগলা মসজিদ কমিটি জানিয়েছে, মহিলা মুসল্লিদের জন্য আলাদা নামাজের স্থান, অজুখানা ও অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয় নারী মুসল্লিরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতদিন জুমার নামাজে অংশ নেওয়ার সুযোগ ছিল না, এখন তারা সম্মানের সঙ্গে জামাতে অংশ নিতে পারবেন।
এ সময় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় নারী মুসল্লিরা উপস্থিত ছিলেন।