ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা নির্বাচনে বিএনপির বিজয়কে জনগণের রায়ের প্রতিফলন উল্লেখ করে আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব দেশের গণতান্ত্রিক ধারাকে আরও শক্তিশালী করতে দায়িত্বশীল ভূমিকা রাখবে। তিনি বলেন, জাতীয় স্বার্থে ঐক্য, সহনশীলতা ও সহযোগিতার ভিত্তিতে সামনে এগিয়ে যাওয়াই সময়ের দাবি।
এ সময় প্রফেসর মুহাম্মদ ইউনূস নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্টদের প্রতিও কৃতজ্ঞতা জানান এবং দেশের স্থিতিশীলতা ও উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।