কিশোরগঞ্জে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, চরিত্র ও আদর্শের ওপর সিরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মো. রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হযরতনগর এ ইউ কামিল মাদরাসার অধ্যক্ষ ও জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোহাম্মদ আজিজুল হক এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. নাজমুল ইসলাম।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা ড. ফয়জুল হক, মুফতি আহমদ শরীফ বিন আসাদ এবং করিমগঞ্জ সোবহানিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী রিয়াদী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ শহর জামায়াতের আমির মাওলানা আ. ম. ম. আব্দুল হক। সঞ্চালনা করেন শহর শাখার সেক্রেটারি আবু নাছের মো. নয়িম।
বক্তারা বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ মানবতার জন্য সর্বোত্তম পথনির্দেশনা। ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে তাঁর চরিত্র ও শিক্ষার বাস্তব প্রয়োগের মাধ্যমে ন্যায়, শান্তি ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
কনফারেন্সে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
কিশোরগঞ্জ সদর প্রতিনিধি/ মোস্তাফিজুর রহমান