নাজমুল খন্দকার আবির
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দরে নবীগঞ্জ কদম রসুল দরবারের মেলা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল নেতা মো. মেহেদী হাসান খান জিসান ও তার বন্ধু মো. ইশান আহম্মেদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনই আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত জিসানের বাবা বন্দর মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর কমিটির সিনিয়র সহ-সভাপতি মান্নান খান বাদল (৫৫) এ ঘটনায় বন্দর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে সাজ্জাদ (২৩), আকাশ (২২), সজিব (২৩), নাইম (৩২)সহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ২৯ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে মেহেদী হাসান খান জিসান তার বন্ধু ইশান আহম্মেদকে সঙ্গে নিয়ে নবীগঞ্জ কদম রসুল দরবারের মেলা দেখতে যান। সেখানে অভিযুক্তদের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, এ সময় কয়েকজন লোহার রড ও কাঠের ডাসা দিয়ে জিসানকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। বন্ধুকে রক্ষা করতে এগিয়ে গেলে ইশান আহম্মেদের ওপরও হামলা করা হয়।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে ১ নম্বর অভিযুক্ত সাজ্জাদ হাতে থাকা সুইচ গিয়ার চাকু দিয়ে ইশান আহম্মেদের বাম কানের নিচে আঘাত করেন। এতে তিনি গুরুতর কাটা-রক্তাক্ত জখম হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে আহতদের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে মেহেদী হাসান খান জিসান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।