নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর- ২ নকলা নালিতাবাড়ী আসনে ১১ দলীয় জোটের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপির পোলিং এজেন্টদের হুমকি ও ভয়ভীতি দেখানোর প্রতিবাদে এক জরুরি সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টায় নালিতাবাড়ী পৌর শহরের গাজীরখামার এলাকার দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন , বিভিন্ন ভোটকেন্দ্র এলাকায় তাদের পোলিং এজেন্টদের দায়িত্ব পালনে বাধা দেওয়া হচ্ছে এবং হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। একই সঙ্গে সাধারণ ভোটারদের মধ্যেও আতঙ্ক সৃষ্টি করে ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, এছাড়া মঙ্গলবার সব ধরনের প্রচার প্রচারনা নিষিদ্ধ থাকলেও বিরোধী পক্ষ উঠান বৈঠকের মাধ্যমে তাদের প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এমনকি গ্রামে গিয়ে ভোটারদের মাঝে পান বিতরণের মাধ্যমে কালো টাকা ছড়ানো হচ্ছে।
একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে সকল প্রার্থীর পোলিং এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টি করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব।
এ সময় তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—মু. গোলাম কিবরিয়া ভিপি, সংসদ সদস্য প্রার্থী, শেরপুর-২ মাহফুজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য, শেরপুর মাওলানা আফসার উদ্দিন, উপজেলা আমির, নালিতাবাড়ী শাহাদাত হোসেন বিএসসি, উপজেলা সেক্রেটারি, নালিতাবাড়ী
আব্দুল করিম আকন্দ, সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস, নালিতাবাড়ী উপজেলা শাখা মুফতি আব্দুস সবুর, সহ-সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস, নালিতাবাড়ী উপজেলা শাখা আবু সিনা মোহাম্মদ
জোবায়ের, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নালিতাবাড়ী উপজেলা শাখা।
সংবাদ সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।