শেরপুর-৩ আসনের উপনির্বাচনে সংঘটিত সহিংসতার ঘটনায় আহত এক কর্মীকে দেখতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে সংঘর্ষের সময় গুরুতর আহত হন শেরপুরের শ্রীবরদী উপজেলার বাসিন্দা সিরাজুল ইসলাম। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) হাসপাতালে গিয়ে ডা. শফিকুর রহমান চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় তিনি অন্যান্য রোগীদের সঙ্গেও কথা বলেন এবং সবার সুস্থতা কামনা করেন। পরে তিনি উপস্থিত নেতাকর্মীদের নিয়ে আহত ব্যক্তির দ্রুত আরোগ্য কামনায় দোয়া করেন।

হাসপাতাল থেকে বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি রাজনৈতিক সহিংসতার সমালোচনা করে বলেন, আদর্শিক মতপার্থক্য শান্তিপূর্ণভাবে মোকাবিলা করা উচিত। ভবিষ্যতে নির্বাচনগুলো যাতে সহিংসতামুক্ত হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এ সময় তার সঙ্গে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।