চট্টগ্রামের বন্যাকবলিত সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ও ঘরবন্দি অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রোববার (১২ জুলাই) দিনব্যাপী পরিচালিত এ কার্যক্রমে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জামাল হোসেন। তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন এবং ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

ত্রাণ বিতরণকালে জামাল হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে বিএনপির পক্ষ থেকে ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত পুনর্বাসন ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করা জরুরি। এ সময় তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, ত্রাণ কার্যক্রমের আওতায় সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর হাতে খাদ্যসামগ্রী ও অন্যান্য জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হয়।