কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মনোনয়নবঞ্চিত তিন নেতার নেতৃত্বে সোমবার রাতে শহরে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। পুরাতন স্টেডিয়াম থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে আখড়া বাজারে শেষ হয়। বিএনপি, যুবদল ও ছাত্রদলের শত শত নেতা-কর্মী এতে অংশ নেন।
মিছিলকারীরা অভিযোগ করেন—ঘোষিত প্রার্থী মো. মাজহারুল ইসলাম দীর্ঘদিন দলীয় আন্দোলন থেকে দূরে ছিলেন এবং ত্যাগী নেতাদের বঞ্চিত করে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা অবিলম্বে মনোনয়ন প্রত্যাহার ও নতুন প্রার্থী ঘোষণার দাবি জানান।
এর আগে দুপুরে স্টেশন রোডে পাঁচ মনোনয়নবঞ্চিত প্রার্থী সংবাদ সম্মেলন করে প্রার্থী নিয়ে প্রকাশ্য বিরোধের কথা জানান।
গত বৃহস্পতিবার বিএনপি মহাসচিব দেশের ৩৬ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন, যেখানে কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন পান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। ঘোষণার পর থেকেই জেলায় উত্তেজনা ও বিভক্তি দেখা দিয়েছে।