কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল এবং অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ চিরুনি অভিযানে গত ২৪ ঘণ্টায় ৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন থানায় একযোগে পরিচালিত এ অভিযানে মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আটক করা হয়।
কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপারের দিক-নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট অংশ নেয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে মাদকসহ ৩৯ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ১৬ জন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ২৭ জন, নিয়মিত মামলায় ৬ জন এবং অন্যান্য মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা পুলিশের দাবি, সাম্প্রতিক সময়ে অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তারা আরও কঠোর অবস্থান গ্রহণ করেছে। বিশেষ করে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধমূলক তৎপরতা রোধে জেলার প্রতিটি থানায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশ সুপার জানিয়েছেন, “কিশোরগঞ্জকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।”
এদিকে জেলা পুলিশের এমন অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে স্থানীয়রা। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে।
কিশোরগঞ্জ জেলা পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ মানুষ, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছে।