শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে
শাহীন স্কুলের এক শিক্ষার্থীর সাইকেল চুরির ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত এক যুবককে আটক করা হয়েছে। চুরির কয়েক ঘণ্টার মধ্যেই স্থানীয়দের সহায়তায় তাকে সাইকেলসহ আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
শনিবার (১৬ মে) সকালে শাহীন স্কুল নালিতাবাড়ী শাখার সাইকেল স্ট্যান্ড থেকে কৌশলে একটি সাইকেল চুরি করে নিয়ে যায় সেলিম (১৯) নামে এক যুবক। এ সময় ঘটনাটি স্কুলের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়।
চুরির বিষয়টি জানাজানি হলে স্কুল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তকে শনাক্ত করে। পরে সেই ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের নজরে আসে অভিযুক্ত যুবক।
এরই ধারাবাহিকতায় দুপুরে উপজেলার পাঁচগাঁও এলাকা থেকে চুরি হওয়া সাইকেলসহ সেলিমকে আটক করেন স্থানীয়রা ও স্কুল কর্তৃপক্ষ। পরে তাকে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্কুল কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্কুল প্রাঙ্গণের শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতে আরও কঠোর নজরদারি ব্যবস্থা গ্রহণ করা হবে।