গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায়ে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চের অংশ হিসেবে নারায়ণগঞ্জে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেন, জনগণের অধিকার আদায় এবং গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যেই তারা রাজপথে নেমেছেন।

তিনি বলেন, জনগণের ঘরে গ্যাস পৌঁছে দেওয়া, বিদ্যুৎ সংকট দূর করা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গ ও জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলে তিনি বলেন, জনগণ এর জবাব দেবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ১১ দলীয় ঐক্য জনগণের পাশে রয়েছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আজকের লংমার্চ কোনো শেষ কর্মসূচি নয়, বরং এটি আন্দোলনের সূচনা।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে রাজধানী ঢাকা থেকে লংমার্চের বহর চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। নারায়ণগঞ্জের পথসভা শেষে লংমার্চটি নির্ধারিত রুটে এগিয়ে যায়।
কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে চট্টগ্রামের লালদিঘি ময়দানে সমাপনী জনসভা অনুষ্ঠিত হবে।