গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায়ে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর, বিরোধীদলীয় নেতা ও ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেন, “আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছি। অধিকার প্রতিষ্ঠা করেই ঘরে ফিরব, ইনশাআল্লাহ।”
তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষের পক্ষেই এই লংমার্চ। জনগণ বর্তমানে গ্যাস, বিদ্যুৎ ও পানি সংকটে ভুগছে। নানা সংকটের মধ্যেও তাদের নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে। এসব সমস্যার সমাধান ও জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেন, এই লংমার্চ কোনো নির্দিষ্ট দলের নয়, এটি সাধারণ মানুষের কর্মসূচি। কর্মসূচিতে বাধা দেওয়া হলে সব প্রতিবন্ধকতা অতিক্রম করে চট্টগ্রামে পৌঁছানোর ঘোষণা দেন তিনি। একই সঙ্গে ১১ দলের ছয় দফা দাবি পরবর্তীতে এক দফার আন্দোলনে রূপ নিতে পারে বলেও মন্তব্য করেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক অভিযোগ করেন, সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে। ক্ষমতায় থেকে জনগণকে ভুল পথে পরিচালনার চেষ্টা করা হলে আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের দুর্ভোগ কমাতে সরকার ব্যর্থ হয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, সংসদে ভুল স্বীকার করে সংবিধান সংস্কারের উদ্যোগ নিতে হবে।
লংমার্চের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। এতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমসহ জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন।
সমাবেশ শেষে সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ যাত্রা শুরু করে। নির্ধারিত রুটে নারায়ণগঞ্জের কাচপুর, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা হওয়ার কথা রয়েছে। কর্মসূচির শেষ পর্বে চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।