ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চের বহর শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর মহীপালে পৌঁছালে বিপুলসংখ্যক মানুষ সড়কে জড়ো হন। নেতাদের বহর ঘিরে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মহীপাল এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
এ সময় লংমার্চের গাড়িবহর থেকে নেতৃবৃন্দ উপস্থিত জনতাকে হাত নেড়ে অভিবাদন জানান। দীর্ঘ সময় ধরে সড়কের দুই পাশে মানুষের উপস্থিতিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহীপাল অংশে ব্যাপক জনসমাগমের সৃষ্টি হয়।

মহীপালে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
এছাড়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা পথসভায় উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে রাজধানী ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চের গাড়িবহর যাত্রা শুরু করে। পথে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় পথসভা শেষে বহরটি ফেনীর মহীপালে পৌঁছে। পরবর্তী সময়ে মীরসরাই হয়ে চট্টগ্রামের লালদিঘি ময়দানে সমাপনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।