রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটের শিকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
পরিদর্শন শেষে তিনি জানান, স্বাস্থ্যকেন্দ্রটির পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের পক্ষ থেকে প্রাথমিকভাবে ঘোষিত সহায়তা অব্যাহত থাকবে। ৫০ লাখ টাকার অনুদানকে প্রাথমিক উদ্যোগ উল্লেখ করে তিনি বলেন, এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনে আরও সহযোগিতা করা হবে।
স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমীর বলেন, অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান তিনি। তাঁর অভিযোগ, সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়ে দেশজুড়ে মব সন্ত্রাস চলছে। এ ধরনের অপকর্ম বন্ধে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রতিষ্ঠানটি দ্রুত পুনরায় চালুর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানান ডা. শফিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।
এ ছাড়া মহানগরীর কর্মপরিষদ সদস্য নাসির উদ্দীন, শাহ আলম তুহিন, ডা. মঈনুদ্দিন, জি এম হাফিজুর রহমান ও মনিরুল ইসলাম মৃধাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।