কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কটিয়াদীতে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
রোববার (৩০ আগস্ট) দুপুরে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—হবিগঞ্জ জেলার বাসিন্দা রাবেয়া (৫০), মিলন মিয়া (৩৫) ও শিশু জারা মনি (৫)। নিহতরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জের কয়েকজন ব্যক্তি ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক রোগীকে দেখতে গিয়েছিলেন। পরে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে কটিয়াদীর আচমিতা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মিলন মিয়া নিহত হন। গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাবেয়া ও শিশু জারা মনিকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ও হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন মারা যান। পরে হাসপাতালে আনার পর আরও দুজনের মৃত্যু হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।