শেরপুর জেলা প্রতিনিধি
শেরপুরের নকলায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলার পর অভিযুক্ত মো. উসমান মিয়াকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টার দিকে নকলা উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের অভিযুক্ত উসমান মিয়ার বসতঘরে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ওই সময় উত্তর দুয়ারি চৌচালা টিনের ঘরের ভেতরে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
ভুক্তভোগী কিশোরীর বাবা মো. কামাল হোসেন (৪৩) বাদী হয়ে নকলা থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, তাঁর ১৩ বছর বয়সী মেয়ে বর্তমানে ৩১ সপ্তাহ ২ দিনের অন্তঃসত্ত্বা।
অভিযুক্ত মো. উসমান মিয়া (৬০) নকলা উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। ভুক্তভোগী কিশোরীর বাড়ি উপজেলার ৬ নম্বর পাঠাকাটা ইউনিয়নের বহরদী গ্রামে।
এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ সাংবাদিকদের বলেন, এ ঘটনায় পুলিশি তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।