নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার দিবাগত রাতে উপজেলার বুরুংগা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ঢাকার সাভার উপজেলার জহরচাঙ্গা গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. সামিউল হক (২৪) এবং মেয়ে মোছা. রাবিয়া খাতুন (৩৬)। তারা সম্পর্কে ভাই-বোন।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর আওতাধীন বারোমারী বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছিল। সুবেদার মনিরুজ্জামানের নেতৃত্বাধীন টহল দলটি সীমান্ত পিলার ১১১২-এর প্রায় এক হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে বুরুংগা এলাকায় দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। পরে তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক দুই ব্যক্তির বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) হান্নান জানান, বিজিবির হাতে আটক দুই আসামিকে থানায় হস্তান্তরের পর বৃহস্পতিবার দুপুরে তাদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে।
সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।