পরিবেশ রক্ষা এবং জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের গৌরনদী উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৩ জুলাই ২০২৬) সকালে উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাড়ে আয়োজিত এ কর্মসূচিতে তিনি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ নির্বাচনী অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি উপকারভোগীদের অভিজ্ঞতা, মতামত ও বিভিন্ন পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন এবং নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়নে সরকারের চলমান উদ্যোগের বিষয়ে গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও পরিবারকেন্দ্রিক উন্নয়নকে আরও এগিয়ে নিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন অব্যাহত থাকবে।