ঢাকা, ১৬ জানুয়ারি:
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি সাততলা ভবনে সংঘটিত মর্মান্তিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
আজ বিকাল ৩টা ৩০ মিনিটে তিনি ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং প্রদান করেন।

পরিদর্শনকালে আমীরে জামায়াত অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে ভবন নিরাপত্তা ব্যবস্থা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থাকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এছাড়াও তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা অধ্যক্ষ আশরাফুল হক, ঢাকা-১৮ সংসদীয় আসনের ১০ দলীয় জোট প্রার্থী ও এনসিপি নেতা জনাব আরিফুল ইসলাম আদিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আমীরে জামায়াত ঘটনাস্থল ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।