শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

শেরপুর-২ আসনে নির্বাচনী ইশতেহার পাঠ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৮৮ বার দেখা হয়েছে

নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি ) দুপুরে নালিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন।

অনুষ্ঠানে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের চারজন প্রার্থী নিজ নিজ নির্বাচনী ইশতেহার পাঠ করেন। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েশ এবং এবি পার্টি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা।

ইশতেহার পাঠকালে প্রার্থীরা শেরপুর ২ আসন নকলা ও নালিতাবাড়ী উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, যোগাযোগব্যবস্থা, কৃষি ও স্থানীয় অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা জোরদারের পরিকল্পনার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান এবং বিজিবির হাতিপাগার কোম্পানি কমান্ডার মোস্তাফিজুর রহমান। তারা নির্বাচনী আচরণবিধি মেনে চলা ও আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

ইশতেহার পাঠ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সায়েম।

অনুষ্ঠানে চারজন প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান।

স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের ইশতেহার পাঠ অনুষ্ঠান ভোটারদের সামনে প্রার্থীদের পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর