কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, শিক্ষা সামগ্রী ও উপহার তুলে দেন অতিথিরা।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ বিল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য কর্নেল (অব.) ডা. জেহাদ খান, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোহাম্মদ আজিজুল হক, সাবেক নায়েবে আমীর অধ্যাপক মোসাদ্দেক ভূইয়া, সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানসহ ছাত্রশিবির ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলতে হবে। ভবিষ্যতে তারা দেশের উন্নয়ন ও কল্যাণে ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছাত্রশিবির ও জামায়াতের নেতাকর্মী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।