ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে তাকে আটক করা হয়। ওই সময় তিনি সেখানে একটি জরুরি সংবাদ সম্মেলনে যোগ দিতে আসছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঝিনাইদহ সদর থানায় দায়ের করা ওই মামলার ভিত্তিতেই এ পদক্ষেপ নেওয়া হয়।
ঘটনার সময় সেখানে পুলিশ, সাদা পোশাকের সদস্য এবং গোয়েন্দা সংস্থার টিম উপস্থিত ছিল। তাকে গ্রেপ্তারের পর এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে স্থানীয় রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলা হয়। গত ২২ মে ঝিনাইদহ সফরে এনসিপি নেতাদের কর্মসূচিকে ঘিরে সংঘর্ষের ঘটনায় একাধিক মামলা দায়ের করা হয়। ওই ঘটনার জেরেই পরবর্তীতে এই গ্রেপ্তার বলে জানা গেছে।