রাজধানীর শাহবাগে সীমান্ত হত্যা ও অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস, এবি পার্টি, লেবার পার্টি, জাগপাসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতারা বক্তব্য রাখেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তার প্রশ্নে জনগণ ঐক্যবদ্ধ। তিনি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সম্মান, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং সীমান্তে সহিংসতা ও পুশইনের ঘটনা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
বক্তারা অভিযোগ করেন, সীমান্তে হত্যাকাণ্ড, নির্যাতন ও পুশইনের ঘটনাগুলো উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। তারা এ বিষয়ে সরকারের আরও সক্রিয় ও দৃশ্যমান কূটনৈতিক পদক্ষেপ প্রত্যাশা করেন। একই সঙ্গে জাতীয় স্বার্থ ও জনগণের নিরাপত্তার প্রশ্নে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের আহ্বান জানান।

সমাবেশ শেষে শাহবাগ থেকে জাতীয় প্রেস ক্লাব হয়ে পল্টন অভিমুখে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।