কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি/ মোঃ আল আমিন
কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নে অভিযান চালিয়ে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। শনিবার (২৬ সেপ্টেম্বর) মারিয়া বিসিক শিল্পনগরীসহ বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বিশুদ্ধ খাদ্য আদালত, কিশোরগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. এমরান এবং কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার মো. আশরাফুল ইসলাম তালুকদার।

অভিযানে মারিয়া বিসিক শিল্পনগরীতে অবস্থিত এম এম খান ফুডসকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই ও দুগ্ধজাত পণ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

এশিয়া ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং মোড়কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ৩ লাখ টাকা এবং আজহার ফুড প্রোডাক্টস অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বনরুটি ও অন্যান্য খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির দায়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
এছাড়া সুগন্ধা ফুড প্রোডাক্টস, গাংচিল রেস্তোরাঁ, কাচ্চি ভাই, হোটেল খাওয়া-দাওয়া, তাজ রেস্টুরেন্ট ও মাটির হাঁড়ি রেস্তোরাঁসহ বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসব প্রতিষ্ঠানে পাওয়া অসংগতি দূর করতে সংশ্লিষ্টদের মৌখিকভাবে সতর্ক করা হয়।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ পুলিশ, কিশোরগঞ্জ র্যাব ও আনসার ব্যাটালিয়নের পৃথক দল সার্বিক সহযোগিতা করে।