শেরপুর জেলা প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তিন শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার পানিহাতা মিশনের পূর্বদিকে ফেকামারী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। পরে একই দিন রাতে আটক ব্যক্তিদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পানিহাতা ফেকামারী সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন ওই ছয়জন। এ সময় বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন—আবিদ মুক্তি (২৬), আনোয়ারা (২০), তাঁদের সন্তান আকিব, নুরজাহান খাতুন, সাকিব হাসান শেখ (২) ও রাকিব হাসান (৮)।বিজিবি জানায়, আটক ছয়জনই ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনি থানার মনুহারপুর মল্লিকপাড়া এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। পরে শুক্রবার পুনরায় ভারতে ফেরার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিজিবির অভিযানে আটক হন।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।