মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক অনুসন্ধান, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা মনোভাব বিকাশের লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে অনুষ্ঠিত হয়েছে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম”।
“মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১২ জুন) কবি নজরুল মিলনায়তনে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এডুকেশনাল এক্সিলেন্ট সাপোর্ট স্কিম (ইইএসএস)-এর উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিনির্ভর সমাধান এবং সম্ভাবনাময় স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা, গবেষণামূলক চিন্তাশক্তি ও সৃজনশীল উদ্ভাবন তুলে ধরার সুযোগ পান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারওয়ার রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ উপস্থিত থাকার কথা থাকলেও ব্যস্ততার কারণে তাঁর প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন তাঁর ছোট ভাই ও মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি কাজী শাহ আরেফিন।
শিক্ষক মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদার এবং মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক তাজুল ইসলাম।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা শিক্ষার্থীদের নতুন নতুন ধারণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মেজবাহুল জান্নাত মিনি, পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আমির হোসেন, একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগম, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক শিক্ষা, উদ্যোক্তা মনোভাব ও উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। ফলে ভবিষ্যতে জাতীয় উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি বিনির্মাণে তরুণ প্রজন্ম আরও কার্যকর অবদান রাখতে সক্ষম হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।