শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় অভিনব কায়দায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে নকলের চেষ্টা করার অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
শনিবার (৯ মে) দুপুরে শহরের নবারুণ পাবলিক স্কুল কেন্দ্রে চলমান পরীক্ষার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত সন্দেহজনক ডিজিটাল ডিভাইসও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
আটক ব্যক্তিরা হলেন— সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের খুনুয়া গ্রামের নুরুজ্জামানের ছেলে মহিউর রহমান মশাল, বলাইয়েরচর ইউনিয়নের কুমড়ারচর গ্রামের আক্কাস আলীর ছেলে মমিনুল ইসলাম মমিন, চরশ্রীপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে রসুল মিয়া, পাইকারতলা গ্রামের জহুরুল ইসলামের ছেলে রায়হান হোসেন এবং চরপক্ষীমারী ইউনিয়নের পূর্ব খাসপাড়া গ্রামের জহুর আলীর ছেলে শান্ত মিয়া।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা একটি চক্রের মাধ্যমে পরীক্ষায় পাস করানোর চুক্তিতে জড়িত ছিল। জনপ্রতি প্রায় ১৮ লাখ টাকার বিনিময়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলেও তারা স্বীকার করেছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই তারা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের চেষ্টা করছিল।