শিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলল ডাকসু
আপডেট সময় :
শুক্রবার, ২৯ মে, ২০২৬
২৩
বার দেখা হয়েছে
৩১
ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যকে “দায়িত্বজ্ঞানহীন, বাস্তবতাবিবর্জিত ও অসুস্থ উদ্দেশ্যপ্রণোদিত” আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
বৃহস্পতিবার ডাকসুর পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়কে “কোচিং সেন্টার” ও “চা-চপ-সিগারেট বিশ্ববিদ্যালয়” হিসেবে উল্লেখ করা শুধু শিক্ষাপ্রতিষ্ঠানটির মর্যাদাকেই ক্ষুণ্ন করেনি, বরং শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের প্রতিও চরম অসম্মান প্রদর্শন করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে গবেষণা খাতে পর্যাপ্ত বরাদ্দ ও আধুনিক অবকাঠামোর অভাব থাকা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকরা আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা সীমাবদ্ধতার মধ্যেও দেশ ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
ডাকসু নেতারা অভিযোগ করেন, উচ্চশিক্ষা খাতের বিভিন্ন সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ না নিয়ে সরকার এখন বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের ওপর দায় চাপানোর চেষ্টা করছে। তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন, গবেষণাবান্ধব পরিবেশ ও পর্যাপ্ত বাজেট নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত।
বিবৃতিতে শিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় পরিবারের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা ও একাডেমিক পরিবেশ উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বানও জানায় ডাকসু।
অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।