আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে রাজধানীর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিশেষ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১০ জুন ২০২৬) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে ২০২৫ সালে সুদানে প্রাণ হারানো ছয়জন বাংলাদেশি সেনাসদস্যের পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হয়। একইসঙ্গে বিভিন্ন শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে আহত হওয়া সশস্ত্র বাহিনীর সদস্যদেরও সম্মানিত করা হয়।


অনুষ্ঠানের সূচনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে শান্তিরক্ষা মিশনে আত্মত্যাগকারী সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অবদান ও অর্জন তুলে ধরে একটি বিশেষ উপস্থাপনা প্রদর্শন করা হয়।
পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে ভার্চুয়ালি শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, সাহসিকতা ও আত্মত্যাগের প্রশংসা করেন এবং আন্তর্জাতিক পরিসরে দেশের মর্যাদা সমুন্নত রাখতে তাদের ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা জানান।


বাংলাদেশ দীর্ঘদিন ধরেই জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। দেশের শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করে চলেছেন।