নারায়ণগঞ্জ : জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ১ লাখ ৪০ হাজার ১১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
বুধবার (২৪ জুন) দুপুরে নগরীর নিতাইগঞ্জে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক ওরিয়েন্টেশন সভায় এ তথ্য জানানো হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম।

সভায় জানানো হয়, আগামী রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর ২৭টি ওয়ার্ডে একযোগে এ কার্যক্রম পরিচালিত হবে। শিশুদের কাছে সহজে সেবা পৌঁছে দিতে ১৪৪টি স্থায়ী ইপিআই কেন্দ্রসহ মোট ৩৪০টি সেশনের ব্যবস্থা রাখা হয়েছে।
ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ২৫৫ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ১৪ হাজার ৭৫৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
অনুষ্ঠানে সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, শিশুর সুস্থ বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রধান অতিথির বক্তব্যে নূর কুতুবুল আলম বলেন, ভিটামিন ‘এ’ এর ঘাটতি দূর করতে সরকার প্রতিবছরের মতো এবারও এ কর্মসূচি বাস্তবায়ন করছে। ভিটামিন ‘এ’ অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধের পাশাপাশি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ডায়রিয়ার জটিলতা হ্রাস এবং মৃত্যুঝুঁকি কমাতে সহায়তা করে।
তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, শিশুদের অবশ্যই ভরাপেটে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। তবে কোনো শিশু গুরুতর অসুস্থ থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্যাপসুল খাওয়ানোর বিষয়টি নিশ্চিত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
নাজমুল খন্দকার আবির
নারায়ণগঞ্জ প্রতিনিধি নিউজনগর