কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রতিবেদনে জানানো হয়, নিয়মিত মাদক মামলায় এজাহারনামীয় একজন এবং অনলাইন জুয়া সংক্রান্ত মামলায় এজাহারনামীয় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ১৪ জনকে সাজা দেওয়া হয়েছে। একই সময়ে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।
সব মিলিয়ে অভিযানে মোট ২৬ জনকে গ্রেপ্তার করে আইনগত প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।
ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মুসা বলেন, মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে ভৈরবের বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।